বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী পথে এগিয়ে নিতে চায় ভারত। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে কোন দিকে এগোচ্ছে এবং সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল ভারতের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চেয়েছে। বিদ্যমান কাঠামোর মধ্যেই দুই দেশের সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে ভারতে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের বিষয়টি সামনে এসেছে। এ নিয়োগ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কি না, জানতে চাইলে জয়সওয়াল সরাসরি মন্তব্য না করে ভারতের সামগ্রিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এদিকে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী চলতি মাসে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব আলোচনায় শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন, বিমান যোগাযোগ, পানি সম্পদসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার প্রসঙ্গ উঠে এসেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। এ সফরের বিষয়ে বাংলাদেশ আগে যে শর্তগুলোর কথা জানিয়েছিল, সেগুলো প্রত্যাহার করা হয়েছে কি না জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে নতুন কিছু জানানোর থাকলে পরে জানানো হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বর্তমানে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সম্ভাব্য বৈঠক নিয়েও প্রশ্ন করা হয়। জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কাছে এখনো কোনো তথ্য নেই।
দুই দেশের মধ্যে সীমান্ত, বাণিজ্য, পানি, নিরাপত্তা ও যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিনের আলোচনা রয়েছে। ফলে দিল্লির সাম্প্রতিক বক্তব্যের পর এসব বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনায় বাস্তব অগ্রগতি কতটা হয়, সেটিই এখন দেখার বিষয়।










