২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করা শিক্ষার্থীরা কলেজ পরিবর্তন করতে চাইলে দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করার আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে। এ সময় শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে নিতে হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সময়ও বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে। প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করতে পারবেন।
এ ছাড়া প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করতে না পারা, নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা কিংবা ভর্তি হওয়ার পর অন্য কলেজে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। তবে যারা প্রথম ধাপে নির্বাচিত হয়ে নিশ্চায়ন করেছেন, তাদের আগে আগের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ৫ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীরা ৫ থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন করতে পারবেন। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৯ অক্টোবর রাত ৮টায়। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তারা ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সম্পাদনা করতে পারবেন।
দ্বিতীয় ধাপে আবেদনকারীদের পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে। আবেদন করার আগে কোটা ও যোগ্যতার বিষয়গুলো সঠিকভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।










