সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে দিয়ে সেটিকে বাংলাদেশের ঘটনা বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির একজন এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ সময় ওই নারী দীর্ঘ সময় ধরে ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি করেন।
তবে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক অনুযায়ী, ভিডিওটির ঘটনাস্থল বাংলাদেশ নয়। এটি ভারতের উত্তর প্রদেশের এতা জেলার জৈথরা এলাকার একটি পুরোনো ছিনতাইয়ের ঘটনার ভিডিও।
প্রতিবেদন অনুযায়ী, গত ৬ মে ওই এলাকায় ৪৫ বছর বয়সী অনিতা দেবী নামে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ছিনতাইকারীর সঙ্গে প্রায় ২৩ মিনিট ধরে লড়াই করে তিনি নিজের ব্যাগ রক্ষা করেন। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে করে পালিয়ে যায় অভিযুক্তরা।
পরে সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মোহাদ্দেক আরমান ও শাকিল খান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এশিয়ানেট নিউজেও ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এশিয়ানেট নিউজের প্রতিবেদনে বলা হয়, ছিনতাইকারীদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করায় অনিতা দেবীকে উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।
অতএব, ভারতের উত্তর প্রদেশে ঘটে যাওয়া পুরোনো ছিনতাইয়ের ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিটি বিভ্রান্তিকর।










