যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের কর্মকর্তা জোনাথন ম্যাককিনসিকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ম্যাককিনসির বয়স ৪০ বছর। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন শহরের একটি পার্কিং এলাকায় ম্যাককিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ম্যাককিনসি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক হিসেবে কাজ করতেন। সংবাদমাধ্যমটিও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের অভিযোগ, হত্যাকাণ্ডে ম্যাককিনসির শ্বশুর শউইয়ং ঝাং এবং শাশুড়ি শিলি চেন জড়িত। দুজনের বয়সই ৭৭ বছর। তাদের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরে ম্যাককিনসির মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা পরপর কয়েকটি গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। এরপর তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী আসাদ রাজাভি জানান, তিনি একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং তার মাথা ও বুকে রক্ত দেখতে পান। তার মেয়ের ভাষ্য অনুযায়ী, গুলির ঘটনার আগে তিনি ঝাং ও চেনকে একসঙ্গে হাঁটতে দেখেছিলেন। ঘটনার পরও তাদের ঘটনাস্থলের কাছাকাছি থেকে চলে যেতে দেখা যায় বলে দাবি করেন তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক মিনিটের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ঝাং ও চেনকে গ্রেপ্তার করেন। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ম্যাককিনসির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজনকে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে। হত্যার অভিযোগের পাশাপাশি তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশুর নিরাপত্তা বিপন্ন করার অভিযোগও আনা হয়েছে। বুধবার আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।










