রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান চলাকালে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের বিরোধের সূত্রপাত হয়।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, উচ্ছেদ অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ সময় একটি ভেকু ও পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একই সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নেয়।
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
ঘটনার পর উচ্ছেদ অভিযান পরিচালনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা নিয়ে বিভিন্ন পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।










