ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে প্রক্রিয়াজাত করার জন্য ২০২৭ সালে সৌদি আরব ও আবুধাবি থেকে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা এডনক থেকে সরকার টু সরকার চুক্তির আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এই তেল আমদানি করবে।
বুধবার ৮ অক্টোবর সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে সৌদি আরামকো ও এডনক থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবে আমদানির অর্থায়নের উৎস হিসেবে আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থার ঋণের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন দীর্ঘদিন ধরে সরকার টু সরকার চুক্তির মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানের কাছ থেকে অপরিশোধিত তেল এনে ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াজাত করে আসছে।
বৈঠকে জানানো হয়, ইস্টার্ন রিফাইনারির পুরোনো প্ল্যান্টে সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল এবং আবুধাবির মারবান ক্রুড অয়েল প্রক্রিয়াজাত করা তুলনামূলকভাবে বেশি উপযোগী ও আর্থিকভাবে লাভজনক। চাহিদা অনুযায়ী একই ধরনের অপরিশোধিত তেল অন্য কোনো দেশ বা সরবরাহকারীর কাছ থেকে নিশ্চিতভাবে পাওয়া সম্ভব নয় বলেও বৈঠকে উল্লেখ করা হয়। এ কারণে রাষ্ট্রীয় প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে তেল আমদানির প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার টু সরকার প্রক্রিয়ায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির আরেকটি প্রস্তাবও বৈঠকে উপস্থাপন করা হয়। কমিটি ওই প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে। পাশাপাশি ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন সময়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিপিসির পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময় ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অন্যদিকে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের সংশোধিত ট্যারিফ হার নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৩ দশমিক ৭ মার্কিন সেন্ট বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ টাকা ৫৪ পয়সা।
এ ছাড়া চট্টগ্রাম থেকে দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পে নির্মাণ ও সুপারভিশন কাজের জন্য পরামর্শক নিয়োগ, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি এবং সুনামগঞ্জের জামালগঞ্জে হাওর এলাকায় উড়াল সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন পেয়েছে।
এ ছাড়া ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণ ও পুনর্বাসন, ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণ এবং সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটার ও চিকিৎসা সরঞ্জাম কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।










