সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমদের প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ মন্ত্রিসভার সদস্য, হুইপ এবং বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় জানাজা শেষে সালাহউদ্দিন আহমদকে রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হবে।
সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সালাহউদ্দিন আহমদ ঢাকা ৪ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।








