যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু ও এক শিক্ষক।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওরেগনের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। শহরটি পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ জানান, নিহত তিন শিশুর বয়স ছিল পাঁচ, আট ও ১১ বছর। আহত সাত বছর বয়সী এক শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষককে বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
পুলিশের সন্দেহ, বেন্ডের ১৬ বছর বয়সী এক কিশোর এ হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশ করে সন্দেহভাজন হামলাকারী। সে আগে ওই বিদ্যালয়ে পড়াশোনা করেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে প্রথম জরুরি ফোন আসে। গাড়িতে থাকা এক ব্যক্তি জানান, লম্বা আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালিয়েছে। এরপর দুপুর ১টা ১ মিনিটে বিদ্যালয়ে লকডাউন জারি করা হয়।
পুলিশ প্রধান জানান, হামলাকারী বিদ্যালয়ে প্রবেশের পর স্থানীয় এক ব্যক্তি তাকে ধাওয়া করে ভেতরে যান এবং একপর্যায়ে গুলি করেন। পরে পুলিশ সদস্যরা বিদ্যালয়ে প্রবেশ করে সন্দেহভাজনের মরদেহ দেখতে পান। পুরো ভবন তল্লাশি করে অন্য কোনো হুমকি নেই বলে নিশ্চিত হওয়ার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
হামলার পেছনের কারণ এবং সন্দেহভাজন কিশোরের সঙ্গে বিদ্যালয়টির পূর্বসম্পর্ক ছিল কি না, তা জানতে তদন্ত চলছে।
তথ্যসূত্র: আল জাজিরা










