ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘জাতীয় পতাকা ওড়াও’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। শুক্রবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে মধ্য দিল্লিতে প্রায় ৩২ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকার কথা।
সিজেপির পূর্বঘোষণা অনুযায়ী, কনট প্লেস এলাকায় বিকেল পাঁচটায় কর্মসূচি পালনের কথা রয়েছে। তবে বড় মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট কয়েকজনকে উপযুক্ত স্থানে মিছিলের অনুমতি দেওয়া হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রায় ২৬ হাজার সদস্য আগে থেকেই দিল্লিতে মোতায়েন রয়েছেন। তাঁদের সঙ্গে স্থানীয় পুলিশ সদস্যদের যুক্ত করে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। কনট প্লেস, রাজীব চক, সেন্ট্রাল পার্ক, আশপাশের মেট্রো স্টেশন, যন্তর মন্তর ও পালিকা বাজার এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সিজেপি। গত মঙ্গলবার দলটির দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, তাঁরা তালাবদ্ধ ফটক টপকে যন্তর মন্তরের বিক্ষোভস্থলে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
পরে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এরপর দলের আহ্বায়ক অভিজিৎ দিপকে জাতীয় পতাকা নিয়ে মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, এই কর্মসূচিতে অংশ নিলে তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে কনট প্লেস ও আশপাশের এলাকায় জমায়েত এবং মিছিলের ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন ছাত্রসংগঠন, আন্দোলনকর্মী ও আম আদমি পার্টির সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।










