ভারতের বিরোধী জোট ইন্ডিয়ার জাতীয় পর্যায়ের বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নিতে পারে তামিলনাড়ুর অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে বিরোধীদের আন্দোলনে দলটির অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) নেতা থল থিরুমাভালাভান। তিনি বলেন, টিভিকে ইতিমধ্যে ইন্ডিয়া জোটের তামিলনাড়ু শাখায় যুক্ত হয়েছে এবং গত ১৫ অক্টোবর চেন্নাইয়ে জোটের আয়োজিত বিক্ষোভেও অংশ নিয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের কর্মসূচিতেও দলটি অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি রয়েছে। এ আশঙ্কা থেকে ভোটাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণও চাইছে বিরোধী জোট।
গত ৩ অক্টোবর তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের রাজ্য পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিল টিভিকে। ওই বৈঠকে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে, এমডিএমকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমন্বিত আন্দোলন এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে সেখানে আলোচনা হয়। টিভিকেকে রাজ্য পর্যায়ের বিরোধী জোটে স্বাগত জানিয়ে প্রস্তাবও পাস করা হয়।
এর কয়েক দিন পর, ১০ অক্টোবর চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৈঠকটি কংগ্রেস ও টিভিকের সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা বাড়িয়েছে।
২০২৪ সালে অভিনেতা বিজয়ের নেতৃত্বে যাত্রা শুরু করে টিভিকে। তামিলনাড়ুর প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে দলটি রাজনীতিতে প্রবেশ করে।
এদিকে, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের প্রতিবাদের মধ্যে গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশ দেন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াসংক্রান্ত নথি তলব করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে জাতীয় পর্যায়ের ভবিষ্যৎ বিক্ষোভে টিভিকের অংশগ্রহণের বিষয়টি এখনো নিশ্চিত নয়।










