নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়রসহ ১৪ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।
বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক ওরফে জুয়েল ছাড়াও রিমান্ডে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ মোস্তফা আলমগীর, তরিকুল ইসলাম টুটুল, জুলহাস মণ্ডল সাকি, দেলোয়ার হোসেন জিসান, শেখ শহিদুল ইসলাম বাবু সরদার, রায়হান পারভেজ রুবেল, হারুন বাসার, বাবু শেখ, মো. খলিল, ফরিদ আহম্মদ কাঞ্চন, রুহুল আমিন ফারাজি, মেজবাহ উদ্দিন খান ও আরিফুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রুহুল আমিন আসামিদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান ১ এলাকায় কয়েক শ মানুষের অংশগ্রহণে ‘জয় বাংলা’ স্লোগানে একটি মিছিল হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে পুলিশ ওই ১৪ জনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। তদন্তের স্বার্থে এখন তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।








