আন্তর্জাতিক ডেস্ক | বাংলা গেজেটা
ইউক্রেনের নয়টি অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) চালানো এসব হামলায় দুটি শপিং সেন্টারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
ইউক্রেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্কে দুজন এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন প্রাণ হারিয়েছেন।
পোল্যান্ড সীমান্তবর্তী ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। রিভনে শহরে হামলায় একটি বড় শপিং সেন্টারসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেখানে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া কোভেল শহরে ড্রোন হামলায় একটি কাস্টমস টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়।
হামলার কারণে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়া ১০ লাখেরও বেশি মানুষের সংযোগ পুনরুদ্ধারে কাজ চলছে। ভোলিন অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। এর মধ্যে অন্তত এক লাখ পরিবারের সংযোগ পুনরায় চালু করা হয়েছে। লুটস্ক শহরে বিদ্যুৎ বিভ্রাট ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।
এদিকে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ইউক্রেনে অন্তত ৩২৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২ হাজার ১০৫ জন আহত হয়েছেন। আগের বছরের একই মাসের তুলনায় হতাহতের সংখ্যা ৮৫ শতাংশ বেশি।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ২ হাজার ৫৭০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৫ হাজার ২১১ জন আহত হয়েছেন। জাতিসংঘের কর্মকর্তারা বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন।
এদিকে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগের পর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সূত্র: রয়টার্স, আলজাজিরা










