বিনোদন ডেস্ক | বাংলা গেজেটা
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম ও বিয়ের গল্প নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার নিজেদের সম্পর্কের এক মজার অধ্যায় প্রকাশ্যে আনলেন এই নববিবাহিত দম্পতি। রাশমিকা জানিয়েছেন, বিজয়কে বিয়েতে রাজি করাতে তিনি প্রায় এক বছর ধরে চেষ্টা করেছিলেন।
করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ এর নবম সিজনের একটি পর্বে হাজির হয়ে নিজেদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন বিজয় ও রাশমিকা। সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানের ট্রেলারে উঠে আসে তাঁদের বিয়ের প্রস্তাব নিয়ে মজার কথোপকথন।
ট্রেলারে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, তিনি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কি না। জবাবে রাশমিকা মাথা নেড়ে নেতিবাচক ইঙ্গিত দেন। এরপর বিজয় হাসতে হাসতে বলেন, রাশমিকাই প্রথম তাঁকে বিয়ের কথা বলেছিলেন। এমনকি মজা করে দাবি করেন, রাশমিকা তাঁকে অন্তত ১০০ বার একই কথা বলেছেন।
করণ বিষয়টি নিশ্চিত হতে রাশমিকাকে প্রশ্ন করলে তিনি স্বীকার করেন, প্রায় এক বছর ধরে বিজয়কে বিয়ের জন্য বোঝানোর চেষ্টা করেছিলেন। তাঁর এই স্বীকারোক্তিতে অবাক হন অনুষ্ঠানের সঞ্চালক। অন্যদিকে বিজয় রসিকতার মাধ্যমে পরিস্থিতি সামাল দেন।
অনুষ্ঠানের আরেকটি অংশে রাশমিকাকে আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি আল্লু অর্জুনের নাম নেন। বিজয়ের কাছে জানতে চাওয়া হয়, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় তাঁর রসায়ন ভালো। বিজয় উত্তর দেওয়ার আগেই রাশমিকা মজা করে বলেন, কারও সঙ্গেই নয়। এরপর বিজয় হাসতে হাসতে বলেন, বিবাহিত জীবনের প্রথম নিয়ম হলো স্ত্রীর কথায় সায় দেওয়া।
২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন তাঁরা। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও তাঁদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। দীর্ঘদিন সম্পর্ক নিয়ে নীরব থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
সম্প্রতি ‘রণবলী’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছে তাঁদের।









