নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। বিশেষ করে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে।
ওই কর্মকর্তা জানান, শুরুতে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ সম্ভব হতে পারে। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হলে এ সময়ের মধ্যেই ফল প্রকাশের আশা করা হচ্ছে।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে যায় এবং তা ৯ সেপ্টেম্বর শেষ হয়।
যেভাবে জানা যাবে ফলাফল
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে HSC, এরপর বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর 2026। সব তথ্যের মাঝে স্পেস দিয়ে বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের বিষয়টি এখনো সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।









