নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে ফোন করেছিলেন, এমন দাবি করে জাতীয় দৈনিক আমার দেশ-এর নামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। আমার দেশ এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি।
রিউমর স্ক্যানার ২১ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারত ছাড়তে আশ্রয়ের জন্য সেনাপ্রধানকে ফোন দিয়ে ব্যর্থ হলে শাসক নরেন্দ্র মোদি’ শিরোনামে ফটোকার্ডটি প্রচার করা হয়। এতে মোদি ও বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ফটোকার্ডে আমার দেশ-এর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১২ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে।
দাবিটির সত্যতা যাচাই করতে রিউমর স্ক্যানার আমার দেশ-এর ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে। তবে উল্লিখিত তারিখে ওই শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে আমার দেশ-এর প্রচলিত ফটোকার্ডের ফন্টের পার্থক্যও দেখা যায়। এসব তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সংবাদমাধ্যমটির ফটোকার্ডের নকশা নকল করে ভুয়া কার্ডটি তৈরি করা হয়েছে।
এ ছাড়া, অন্য কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সূত্রেও মোদির বাংলাদেশে আশ্রয় চাওয়া কিংবা এ বিষয়ে বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করার দাবির পক্ষে প্রমাণ পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানারের যাচাই অনুযায়ী, আমার দেশ-এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের সংবেদনশীল রাজনৈতিক দাবি দেখলে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদন দেখে সত্যতা নিশ্চিত হওয়ার পর তা শেয়ার করার পরামর্শ দেওয়া হচ্ছে।









