টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দুর্গাপূজার আনন্দ শেষ হতে না হতেই অভিনেত্রীর বিয়ের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে টালিপাড়া। শোনা যাচ্ছে, আগামী নভেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মিমি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, টালিউডের অন্দরমহলে মিমির বিয়ে নিয়ে কানাঘুষা চলছে। কিন্তু সম্ভাব্য পাত্র কে, কবে বিয়ে হবে কিংবা কোথায় বসবে বিয়ের আসর, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে নভেম্বরের বিয়ের খবরটি আপাতত জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
এদিকে দুর্গাপূজায় ভক্তদের সঙ্গে বেশ কিছু আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে অংশ নেন তিনি। গাঢ় গোলাপি বেনারসি ও নীল ব্লাউজে সাবেকি সাজে ধরা দেন মিমি। ঢাকের তালে তার ধুনুচি নাচও নজর কাড়ে ভক্তদের।
পূজার আনন্দে বন্ধুদের সঙ্গে আড্ডা ও নাচেও মেতে ওঠেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে মিমি লেখেন, ‘শুভ হোক সবটা।’
আর এই ছোট্ট ক্যাপশন ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। ভক্তদের একাংশের মনে প্রশ্ন, এটি কি কেবল পূজার শুভেচ্ছা, নাকি জীবনের বিশেষ কোনো অধ্যায়ের ইঙ্গিত?
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নিজের গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। তাই বিয়ের গুঞ্জন সত্যি কি না, তা জানতে এখন অভিনেত্রীর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করতে হবে। আপাতত নভেম্বরকে ঘিরে আলোচনা চললেও তার বিয়ে নিশ্চিত হওয়ার কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।









