দীর্ঘ ৯ বছর পর আবারও পর্যটন কার্নিভাল আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত কুয়াকাটা। আগামীকাল ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা ট্যুরিজম কার্নিভাল ২০২৬’। এ আয়োজন ঘিরে পর্যটকদের বাড়তি সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।
কার্নিভালে থাকছে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, ম্যারাথন, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, ফ্যাশন শো, সংগীতানুষ্ঠান ও চরাঞ্চল ভ্রমণসহ নানা আয়োজন। সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পর্যটকদের পরিচিত করাও এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
কার্নিভাল আয়োজক কমিটির সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান জানান, টানা ছুটি ও কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম হতে পারে। সম্ভাব্য বিপুলসংখ্যক দর্শনার্থীর কথা মাথায় রেখে সৈকতজুড়ে প্রস্তুতি চলছে।
এবারের কার্নিভালে যুক্ত হচ্ছে নতুন কিছু আকর্ষণ। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের অংশগ্রহণের পাশাপাশি থাকবে আকর্ষণীয় স্টল ও ছবি তোলার বুথ। সৌন্দর্যবিষয়ক সহযোগী হিসেবে যুক্ত হয়েছে রিমার্ক হারল্যান। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য প্রদর্শন করবে।
কুয়াকাটার বিশেষ আকর্ষণ হলো একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ। সৈকতের বাইরেও পর্যটকদের জন্য রয়েছে লেম্বুর বন, গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, রাখাইন পল্লি ও বৌদ্ধমন্দির। এসব স্থানে ভ্রমণের পাশাপাশি স্থানীয় খাবার, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
দীর্ঘ বিরতির পর এ আয়োজনকে ঘিরে আশাবাদী স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের প্রত্যাশা, পর্যটকের সংখ্যা বাড়লে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও স্থানীয় পণ্যের ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে। প্রাকৃতিক সৌন্দর্য, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে এবারের কার্নিভাল কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে নতুন করে তুলে ধরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
#Kuakata #TourismCarnival2026 #Tourism #Bang










