বিএনপি ধর্ম বা বেহেশতের লোভ দেখিয়ে নয়, বরং মানুষের অধিকার, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি এবং উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের গত সাত মাসে শিবগঞ্জ, মোকামতলা এবং দেশের অন্যান্য এলাকায় সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্বাচনের আগে যারা মিথ্যা আশ্বাস ও বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়েছিল, ভোটের পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলমের অভিযোগ, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলেও প্রতিপক্ষরা হিন্দু সম্প্রদায় এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেয়নি। তিনি বলেন, বিএনপি সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী তিন থেকে চার বছরের মধ্যে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং দুই কোটি ১০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। জনগণের সেবা করেই আগামী নির্বাচনে আবারও ভোটে নির্বাচিত হতে চান বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে প্রায় ৬০০ ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক মেধাবী ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণের কথা রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।









