চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রীদের আবাসিক হলের ওপর দিয়ে ড্রোন উড়িয়ে ভিডিও ধারণের অভিযোগ ওঠার পর নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বেলা ৩টার দিকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ক্যাম্পাসে ড্রোন উড়িয়ে ভিডিও ধারণ করেন। এ সময় ছাত্রীদের আবাসিক হলের ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ছাত্রীরা আপত্তি জানান। পরে প্রশাসন ক্যাম্পাসে ড্রোন ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায়ই অনুমতি ছাড়াই ড্রোন ওড়ানো হচ্ছে। এমনকি ছাত্রীদের আবাসিক হল এলাকাতেও ড্রোন ওড়ানোর ঘটনা ঘটছে। এতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার পাশাপাশি ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যাম্পাসের ভেতরে ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই আগে প্রক্টর কার্যালয়ের অনুমতি নিতে হবে। একই সঙ্গে প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ছাত্রীদের অনেকেই আবাসিক হলের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর বিষয়ে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি জানার পর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো শৃঙ্খলাবিরোধী কাজ হিসেবে বিবেচিত হবে এবং এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









