প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন তাঁর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি ভারত সরকার আলাদাভাবেও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। ফলে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ দুই দেশের সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও বৈঠক হতে পারে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একজন প্রতিনিধি ইতোমধ্যে ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর গোপন কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, গত ১৭ বছর যেভাবে বাংলাদেশ-ভারত সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে এখন সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক তৈরি করা হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময় ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে যেভাবে বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, ভবিষ্যতে সেই ধরনের ব্যবস্থা থাকবে না। সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।










