শর্ত দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশ সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশ শুরু থেকেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করে এসেছে। তাই কোনো দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সব দেশের সঙ্গে সার্বভৌমত্ব ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখবেন। একইভাবে বাংলাদেশও বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
রিজভী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে হলে দুই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে। কোনো দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও সেখানে যদি কোনো ধরনের শর্ত আরোপ করা হয়, তাহলে সেই শর্ত মেনে প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সমতা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
রিজভী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে সফর করবেন এবং একইভাবে বিভিন্ন দেশের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হবে। তবে এসব সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে।
তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের সঙ্গে বৈরিতা চায় না। বরং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই বাংলাদেশের লক্ষ্য।










