জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এ দায়িত্বের আওতায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতে কাজ করবেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার সরকারি কার্যক্রম তদারকির জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত হিসেবে তিনি সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।
তার দায়িত্বের মধ্যে থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বন্ধে পদক্ষেপ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া।
এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন দায়িত্বপ্রাপ্তরা।
প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি সভায় অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগও থাকবে তাদের।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় উন্নয়ন বরাদ্দ ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ ও প্রশাসনিক জবাবদিহি বাড়ানোর লক্ষ্যেই এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধানের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।










