হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার (১০ আগস্ট) বিকেলে হাইকোর্ট তাকে আগাম জামিন দেন।
গত ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। মামলার এজাহারে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকায় তার বোনের বাসায় থাকতেন এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। পারিবারিক সূত্রে ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন এমপি নজরুল।
এজাহারে দাবি করা হয়, নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুর রহমানের ভাগ্নির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি জানতে পেরে তিনি তা বন্ধ করার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি ও এক তরুণীর কথিত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিরোধ আরও তীব্র হয়। বাদীর অভিযোগ, ভিডিওগুলো কে ধারণ ও ফাঁস করেছে—এমন সন্দেহের জেরে তার ওপর হামলা চালানো হয়।
এজাহারে আরও বলা হয়, গত ১৪ জুলাই আমিনুর রহমানসহ কয়েকজন তাকে একটি ড্রয়িংরুমে ডেকে নিয়ে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে তাকে মেঝেতে ফেলে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। এ সময় পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে ওবায়দুর রহমান হাসপাতালে চিকিৎসা নেন।
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে নৈতিক স্খলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।










