দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানও স্পর্শ করতে পারেনি সফরকারীরা।
প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০.২ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মাহফিজুল ইসলাম। এছাড়া আমিনুল ইসলাম ১১ এবং সামিউন বাসির ১০ রান করেন। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ২ রানেই বিদায় নেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করেন দায়ান গালিম। তিনি ১৮ রানে ৫ উইকেট শিকার করেন। এছাড়া অ্যান্ডিলে মগাকানে নেন দুটি উইকেট।
মাত্র ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয়। দলের হয়ে অপরাজিত ৩৫ রান করেন রিচার্ড সেলেতসোয়ান। ড্যানিয়েল স্মিথ করেন ২২ রান এবং এম ভন বুরেন ১৮ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। এই হারের মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের অভিযান শুরু করল বাংলাদেশ ইমার্জিং দল।

