ইসরায়েলে সাম্প্রতিক নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেছেন, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে তা ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
শনিবার বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে সরকার গঠনের প্রথম সুযোগ দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সংখ্যাগরিষ্ঠতার সমর্থন নিশ্চিত করতে আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে এ সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
এরপর এক ভিডিওবার্তায় নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তিনি ইহুদিপন্থি ও জাতীয়তাবাদী দলগুলোকে সরকারে যোগ দেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে নিজের আগের জোটের কট্টর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোকেও ঐক্য সরকারে রাখতে চান তিনি। তবে এসব দলের চরমপন্থি অবস্থানের কারণে বিরোধী দলগুলো তাদের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে আসছে।
নেতানিয়াহুর অভিযোগ, বিরোধীরা হামাসের সমর্থক আরব দলগুলোর সহযোগিতায় সরকার গঠনের চেষ্টা করছে। তার দাবি, এমন সরকার ক্ষমতায় এলে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হবে এবং গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বাধাগ্রস্ত হতে পারে।
নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইজেনকোটের দল ইয়াশার পার্টি তাকে ভণ্ডামি ও মিথ্যাচারের অভিযোগে অভিযুক্ত করেছে। দলটির মতে, সত্যিকার অর্থে ঐক্য সরকার গঠন করতে চাইলে নেতানিয়াহুকে প্রথমে কট্টরপন্থি দলগুলোর সঙ্গে জোট ভাঙতে হবে এবং আইজেনকোটের ঘোষিত চারটি নীতি মেনে নিতে হবে।
আইজেনকোট আগেই জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে কোনো সরকারে যোগ দেবেন না তিনি। হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস, ইসরায়েলকে ইহুদিপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, স্বাধীনতার ঘোষণার মূল্যবোধ গ্রহণ এবং সবার জন্য বাধ্যতামূলক সেবা চালুর নীতিতে সমর্থন রয়েছে, এমন দলগুলোকে নিয়েই সরকার গঠন করতে চান তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল










