ইরান নিজেদের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় অটল থাকলেও চলমান সংঘাতের বিস্তার চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এমন একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে হবে, যাতে কোনো বাহ্যিক শক্তি হস্তক্ষেপ, অনুপ্রবেশ বা বিভাজন সৃষ্টি করার সুযোগ না পায়।
মঙ্গলবার (৪ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে শত্রুপক্ষ ইরানের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিতে না পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের দিন দাবি করেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে ইরানের আলোচনা চলছে। তবে সেই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার পরিকল্পনা বা চলমান সংলাপ নেই।
সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও ইরানের অবস্থান হলো—দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তবে যুদ্ধকে আরও বিস্তৃত আকারে ছড়িয়ে পড়তে দেওয়া হবে না।










