ইসরায়েলে তরুণদের মধ্যে দ্রুত ত্বক তামাটে করার প্রবণতা বাড়ায় স্কিন ক্যানসারের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অতিবেগুনি রশ্মির মাত্রা বিপজ্জনক পর্যায়ে থাকা সত্ত্বেও অনেক তরুণ-তরুণী সুরক্ষা ছাড়াই সৈকতে দীর্ঘ সময় কাটাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
শনিবার (৮ আগস্ট) টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার পূর্বাভাসে অতিবেগুনি রশ্মির (ইউভি) সূচক ১১ বা তার বেশি দেখালেও অনেকেই সতর্কতা উপেক্ষা করে সৈকতে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এমন মাত্রার ইউভি রশ্মির সংস্পর্শে দীর্ঘ সময় থাকা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর।
চিকিৎসকরা জানান, সূর্যের অতিবেগুনি রশ্মির মধ্যে ইউভিএ ও ইউভিবি—দুই ধরনের রশ্মিই ত্বকের ওপর প্রভাব ফেলে। ইউভিএ ত্বককে দ্রুত তামাটে করতে পারে। অন্যদিকে ইউভিবি রশ্মি ত্বকের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে, যা দীর্ঘমেয়াদে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
ত্বকের ক্যানসারের মধ্যে বেসাল সেল ও স্কোয়ামাস সেল ক্যানসার সাধারণত চিকিৎসায় নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও মেলানোমা তুলনামূলকভাবে বেশি বিপজ্জনক। এটি শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়লে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্যানসার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মেলানোমার উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ইসরায়েল ২৩তম অবস্থানে রয়েছে। তবে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার হার বেশি হওয়ায় দেশটিতে এ রোগে মৃত্যুর হার তুলনামূলকভাবে কম।
বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ে আকর্ষণীয় তামাটে ত্বক পাওয়ার আকাঙ্ক্ষায় অনেক তরুণ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিকে উপেক্ষা করছেন। বিশেষ করে ইউভি সূচক ৯ বা তার বেশি হলে সরাসরি তীব্র রোদে অবস্থান করা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।
চর্মরোগ বিশেষজ্ঞরা বাইরে যাওয়ার সময় অনুমোদিত সানস্ক্রিন ব্যবহার, টুপি ও শরীর ঢেকে রাখে এমন পোশাক পরার পরামর্শ দিয়েছেন। শিশু ও তরুণদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সূর্যের আলো থেকে সম্পূর্ণ দূরে থাকা প্রয়োজন নয়; তবে অতিবেগুনি রশ্মির মাত্রা বেশি থাকলে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। তা না হলে ত্বকের অকাল বার্ধক্যের পাশাপাশি ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।










