মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে ইরানে ২ হাজার ৫৭৭ জন বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ির আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিশেষ ক্ষমার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখ মহানবী (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী পালন করা হয়। এ বছর ৩০ আগস্ট দিনটি পালিত হয়েছে।
ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দিদের সাজা কমানো বা সম্পূর্ণ ক্ষমা করার এখতিয়ার দেশটির সর্বোচ্চ নেতার রয়েছে। সেই সাংবিধানিক ক্ষমতার আওতায় এবারের বিশেষ ক্ষমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণকারী ২ হাজার ৫৭৭ জন বন্দি এই সাধারণ ক্ষমার সুবিধা পাবেন। কারও সাজা সম্পূর্ণ মওকুফ করা হবে, আবার কারও ক্ষেত্রে সাজা কমানো হবে।
তবে এই বিশেষ ক্ষমা সব ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের এ সুবিধার বাইরে রাখা হয়েছে। বিশেষ করে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ এবং অর্থ আত্মসাতের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত বন্দিরা এই ক্ষমার আওতায় থাকছেন না।
ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত আইনগত শর্ত ও যোগ্যতার ভিত্তিতেই বন্দিদের তালিকা তৈরি করা হয়েছে। ফলে সাধারণ ক্ষমার এই সিদ্ধান্তের মাধ্যমে মূলত অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধে দণ্ডিত এবং নির্দিষ্ট শর্ত পূরণকারী বন্দিরাই সুবিধা পাবেন।
ইরানে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় উপলক্ষে বন্দিদের সাজা কমানো বা ক্ষমা করার ঘটনা নতুন নয়। দেশটির সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা এ ধরনের ক্ষমা প্রদর্শনের সাংবিধানিক অধিকার রাখেন। এবার মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সেই ক্ষমতা প্রয়োগ করা হলো।
সূত্র: তাসনিম নিউজ










