আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে রুশ ও চীনা পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উশাকভ জানান, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পুতিন ও শি জিনপিংয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
রুশ প্রেসিডেন্টের সহযোগী বলেন, শি জিনপিং জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপেক সম্মেলনে অংশ নেবেন। একই সঙ্গে পুতিনও আমন্ত্রিত হিসেবে সম্মেলনে উপস্থিত থাকতে পারেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তিন নেতার মধ্যে একটি যৌথ বৈঠকের আয়োজন সম্ভব হতে পারে।
উশাকভ আরও বলেন, অন্তত তিন নেতার কোনো একটি যৌথ বৈঠক হওয়া প্রয়োজন। ২০২৬ সালের এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ইউক্রেন যুদ্ধসংক্রান্ত মানবিক বিষয় নিয়েও সেপ্টেম্বরের শেষ দিকে আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছেন উশাকভ। এ সময় বোলোনিয়ার আর্চবিশপ ও কার্ডিনাল মাত্তেও মারিয়া জুপ্পির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
উশাকভ জানান, ওই বৈঠকে মূলত মানবিক বিষয়গুলো গুরুত্ব পাবে। তবে যুদ্ধের রাজনৈতিক দিকও আলোচনায় আসতে পারে। ভ্যাটিকান নিজস্ব একটি চ্যানেলের মাধ্যমে রাশিয়ার সঙ্গে মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।










