ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার সন্ধ্যার আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পূজামণ্ডপে আগে থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়ছিল। এর মধ্যে ভারী বৃষ্টি শুরু হলে আরও বেশি মানুষ আশ্রয় নিতে মণ্ডপে প্রবেশ করেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলনের ঘটনা ঘটে।
মণ্ডপে উপস্থিত দর্শনার্থী দীপালি দাস সংবাদমাধ্যমকে জানান, ভিড়ের মধ্যে বৃষ্টির কারণে আরও মানুষ ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
আহতদের দেখতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। মুখ্যমন্ত্রী জানান, নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। অন্যদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিভিন্ন রাজনৈতিক নেতা শোক প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় গভীর শোক জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পূজামণ্ডপটি বন্ধ করে দেওয়া হয়। অতিরিক্ত ভিড়ের কারণে অন্য কয়েকটি দুর্গাপূজার মণ্ডপও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য পশ্চিমবঙ্গ সরকার হেল্পলাইন চালু করেছে। সহায়তার নম্বর ১৮০০৩৪৫৫৬৭৮। কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর ০৩৩২২১৪১৩১০।
কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।










