মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারগুলোকে সতর্ক করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে মেডিকেল পরীক্ষার নামে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো মেডিকেল সেন্টার ৮ হাজার টাকার বেশি নিতে পারবে না। কর্মীদেরও নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ না দেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এতে বিদেশগামী কর্মীদের চিকিৎসা পরীক্ষার ব্যয় নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ দেওয়া এজেন্সির আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ফির বেশি অর্থ দাবি, হয়রানি, তালবাহানা কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পাঠানো যাবে secretary@probashi.gov.bd ইমেইল ঠিকানায়।
এ ছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের স্বার্থ সুরক্ষা এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।










