রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, সূর্যের আলোকে সম্পদে পরিণত করতে হবে। উন্নয়ন সহযোগী ও জনগণ একসঙ্গে কাজ করলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করা কঠিন হবে না।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়েছে। তবে আগের সরকারের সিদ্ধান্তের সমালোচনায় সময় ব্যয় না করে বর্তমান সরকার বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় বিকল্প সমাধান খুঁজছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে ইতোমধ্যে ছয় হাজার কোটি টাকা পৃথকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
কৃষি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুৎনির্ভর কৃষি উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রবাসীদের সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি।










