ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে হবু বউয়ের সাজে দেখা যায়। মেহেদি পরানোর অনুষ্ঠানে একপর্যায়ে তাঁকে চুমু দেন আদনান আজাদ। ঘটনায় প্রথমে কিছুটা লজ্জা পেলেও পরে হাসতে দেখা যায় অপুকে।
ভিডিওটি প্রকাশের পর অনেকেই জানতে চান, অপুকে চুমু দেওয়া ওই যুবক কে। জানা গেছে, তাঁর নাম আদনান আজাদ। তবে ঘটনাটি বাস্তব কোনো ব্যক্তিগত মুহূর্ত নয়; বরং প্রচারণামূলক ভিডিওর অংশ হিসেবে দৃশ্যটি ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো ঘিরে তাঁদের সম্পর্ক এবং একসঙ্গে নতুন কোনো কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
অপু বিশ্বাস ও আদনান আজাদের পরিচয় প্রায় ১৮ বছরের পুরোনো। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। ওই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। অন্যদিকে, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস।
অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও আদনান চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি। সম্প্রতি অপু জানিয়েছেন, তাঁদের একসঙ্গে ফটোশুটের পেছনে নতুন সিনেমার পরিকল্পনাও রয়েছে। আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণ করতে চান এবং এ বিষয়ে দুজনের মধ্যে আলোচনা চলছে।
অভিনয়ের পাশাপাশি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত আদনান। দীর্ঘ বিরতির পর নতুন কোনো সিনেমায় অপু বিশ্বাস ও আদনান আজাদকে একসঙ্গে দেখা যায় কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।










