ইউক্রেনের খারকিভ শহরের একটি হাসপাতালে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। একই সঙ্গে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় হাসপাতালের হৃদ্রোগ বিভাগসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে খারকিভের একটি নগর ক্লিনিক্যাল হাসপাতালে হামলা চালানো হয়। ওই সময় হাসপাতালটির হৃদ্রোগ বিভাগে রোগীদের চিকিৎসা চলছিল। হামলায় হাসপাতালটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, রুশ বাহিনী সরাসরি হাসপাতালটিতে আঘাত হেনেছে। এতে ৭৩ জন আহত হয়েছেন। হাসপাতালের যে বিভাগে হৃদ্রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল, সেটিও হামলার শিকার হয়েছে।
খারকিভের মেয়র ইহোর তেরেখভ টেলিগ্রামে হাসপাতালটির ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় হাসপাতালটির এক হাজারের বেশি জানালার কাচ ভেঙে গেছে।
এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, সাবস্টেশন ও জ্বালানি অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। জেলেনস্কি এ ঘটনাকে ‘সমন্বিত ও ব্যাপক আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ওদেসা, চেরকাসি, জিতোমির, ভিনিতসিয়া, খারকিভ, দিনিপ্রো, চেরনিভৎসি, চেরনিহিভ ও রিভনে অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র এবং সাবস্টেশনগুলো ছিল হামলার প্রধান লক্ষ্য।
জেলেনস্কি আরও জানান, রাতভর হামলায় রাশিয়া ২৮৯টি আক্রমণকারী ড্রোন, ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এর আগের দিন ইউক্রেনের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রুশ হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ধারাবাহিক এসব হামলায় দেশটির বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সূত্র: আল জাজিরা










