রাজধানীতে শুরু হয়েছে দেশের প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।
এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এবারের সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। দেশের সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং এ খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা পূরণে বিকল্প উৎসের গুরুত্ব তুলে ধরছে এ আয়োজন। বিশেষ করে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে অব্যবহৃত জায়গাকে কাজে লাগানো এবং বিদ্যুৎ উৎপাদনের সুযোগ বাড়ানোর বিষয়টি এবারের প্রতিপাদ্যে গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের প্রেক্ষাপটে সোলার এক্সপো সংশ্লিষ্ট প্রযুক্তি, বিনিয়োগ ও সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।










