পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে যুবলীগ সন্দেহে এক শ্রমিককে কুপিয়ে হত্যার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিটি পুরোনো ও ভিন্ন ঘটনার বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের সময়ের নয়। ছবিটি চলতি বছরের জুনে ফেনীর ছাগলনাইয়ায় যুবলীগ নেতা জোবায়ের পারভেজ হত্যাকাণ্ডের ঘটনার।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে একই ছবি পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ছাগলনাইয়া উপজেলায় নিজের বাড়ির সামনে জোবায়ের পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়।
জাতীয় দৈনিক আমার দেশ-এর প্রতিবেদন অনুযায়ী, দোকান নিয়ে বিরোধের জেরে পারভেজকে হত্যার অভিযোগ ওঠে ছাত্রলীগকর্মী মামুন ও শাহাদাতের বিরুদ্ধে। ছাগলনাইয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, পারভেজ ও অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল।
রিউমর স্ক্যানার জানায়, ছবিটির সঙ্গে সাম্প্রতিক পোশাকশ্রমিকদের বিক্ষোভের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। চলমান শ্রমিক আন্দোলনে ওই দাবির সঙ্গে সংশ্লিষ্ট কোনো নিহতের খবরও তাদের অনুসন্ধানে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন। এই পরিস্থিতিতে পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি।
সূত্র: রিউমর স্ক্যানার










