গার্মেন্টস খাতে রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টি ও শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কারখানা বন্ধ করার উদ্দেশ্যে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চিংড়িমহাল ব্যবস্থাপনাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের আন্দোলনে উসকানি দিয়ে কারখানা বন্ধের চেষ্টা করছে বলে সরকার মনে করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কারখানা বন্ধ রেখে শ্রমিকদের সড়কে অবস্থানের বিষয়ে তিনি বলেন, বন্ধ কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রীর দাবি, শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণ করা হয়েছে এবং মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, গার্মেন্টস ও নিট খাতের শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি মালিকপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকার বোর্ডকে অনুরোধ জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই। রাজনৈতিক হীনস্বার্থে কোনো মহল পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা মোকাবিলা করবে।










