আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব উল্লেখ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারে আতঙ্কিত না হতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দেওয়া এক বার্তায় পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দাবি করে কিছু সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে বিভ্রান্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি, সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজ চলছে। এ কারণে টার্মিনালটির মাধ্যমে এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর ফলে দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, আগামী চার দিন দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমার আশঙ্কা রয়েছে।
তবে সরবরাহ কমলেও দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না বলে স্পষ্ট করেছে পেট্রোবাংলা। সংস্থাটির ভাষ্য, সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে।
দেশে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম থাকায় বিভিন্ন এলাকায় আগে থেকেই সংকট রয়েছে। আবাসিক, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকেরা নিয়মিত গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়ছেন। এর মধ্যে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণকাজের কারণে সরবরাহ আরও কমলে পরিস্থিতির ওপর প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যাচাইবিহীন তথ্যের ওপর নির্ভর না করে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য জানার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।










