ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৩১ হাজার ৪০৪।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর সোমবার নির্বাচন কমিশন তাঁকে নির্বাচিত ঘোষণা করে। এ বিষয়ে গেজেটও প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত দুই সদস্য আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের দায়িত্ব গ্রহণ করলেন।










