দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সাংবিধানিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি নির্বাচনের তপশিল ঘোষণা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সাংবিধানিক বিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।
এ বৈঠককে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

