ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের সড়কে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকালে চাম্বা জেলার বৈরাগড়-তিসা সড়কের চালুঞ্জ মোড়ের কাছে দেবিকোঠি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বাসটি বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে যাচ্ছিল।
শর্মা বাস সার্ভিসের ওই বাসটি সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রায় তিন কিলোমিটার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে উল্টে নিচে থাকা আরেকটি সড়কের ওপর গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর বাসটির নিচে কয়েকজন যাত্রী চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেন। পরে পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), হোম গার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু এবং ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। বাসটি অতিরিক্ত গতি, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।










