ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ সেপ্টেম্বর উদযাপন করা হবে ‘আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হবে। অণুজীবের বৈচিত্র্য, মানবকল্যাণে এর গুরুত্ব এবং জীবনবিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা ও কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও সচেতনতা তৈরিই আয়োজনের অন্যতম লক্ষ্য।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পবিত্র কোরআন শরীফ থেকে পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান।
আয়োজনের অংশ হিসেবে তিনটি আমন্ত্রিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। প্রথম বক্তৃতা দেবেন আইসিডিডিআরবির ওয়ান হেলথ ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট ও হেড ড. মোহাম্মদ জিয়াউর রহমান। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উদ্দেশে তার বক্তব্যে জীববিজ্ঞানে উচ্চশিক্ষা ও কর্মজীবন গড়ার সম্ভাবনা, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্র নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।
দ্বিতীয় আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মারুফা জেরিন আখতার। তৃতীয় বক্তা হিসেবে থাকবেন ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার সাবিক খায়ের।
দিনব্যাপী আয়োজনে ল্যাবরেটরি ডেমোনস্ট্রেশন, শিক্ষার্থীদের বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী এবং আন্তঃকলেজ মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা থাকবে। সকাল ১১টা থেকে ল্যাবরেটরি ডেমোনস্ট্রেশন ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী শুরু হওয়ার কথা রয়েছে। এতে শিক্ষার্থীরা অণুজীববিজ্ঞানের বিভিন্ন বিষয় হাতে কলমে দেখার পাশাপাশি নিজেদের বৈজ্ঞানিক প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন।
দুপুর ২টায় অনুষ্ঠিত হবে আন্তঃকলেজ মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা। এতে অণুজীববিজ্ঞানের মৌলিক ও প্রাসঙ্গিক ধারণার পাশাপাশি আমন্ত্রিত বক্তাদের আলোচনায় উঠে আসা বিষয়গুলোর ওপর শিক্ষার্থীদের জ্ঞান ও অনুধাবন মূল্যায়ন করা হবে।
বিকেল ৩টা ১৫ মিনিটে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শেষ হবে। আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল করিম অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।
এদিকে দিবসটি স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অণুজীব, উদ্ভিদ ও প্রতিবেশের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে সচেতনতা তৈরির প্রতীকী প্রয়াস হিসেবে এ কর্মসূচি পালন করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজির সভাপতি ড. লতিফুল বারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সঙ্গীতা আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান।
শিক্ষার্থী ও তরুণদের মধ্যে অণুজীববিজ্ঞান বিষয়ে আগ্রহ তৈরি, গবেষণার সম্ভাবনা তুলে ধরা এবং জীবনবিজ্ঞানভিত্তিক পেশা সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে এবারের আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা করছেন।










