ইতালিয়ান ফুটবলের অন্যতম পরিচিত নাম ও ইন্টার মিলানের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা মারা গেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই তারকা। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলান। ক্লাবটির বিবৃতিতে তাকে শুধু ইন্টার মিলানের ইতিহাসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নয়, ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও উল্লেখ করা হয়েছে। ছোটবেলায় ইন্টারে যোগ দেওয়ার পর পুরো পেশাদার ক্যারিয়ার তিনি এই ক্লাবেই কাটিয়েছেন।
ইন্টার মিলানের হয়ে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে মাজ্জোলা চারবার ইতালিয়ান লিগ শিরোপা জিতেছেন। এছাড়া ক্লাবটির হয়ে দুবার ইউরোপিয়ান কাপ জয় করেন তিনি। ইন্টারের হয়ে তার অসাধারণ পারফরম্যান্স তাকে ইউরোপীয় ফুটবলের অন্যতম আলোচিত ফরোয়ার্ডে পরিণত করে।
জাতীয় দল ইতালির হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাজ্জোলা। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী ইতালি দলের সদস্য ছিলেন তিনি। এরপর ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে ইতালির হয়ে ফাইনালে খেলেন। সেই ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি ইতালি। তবে পুরো টুর্নামেন্টে মাজ্জোলার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
মাজ্জোলার ব্যক্তিগত জীবনের সঙ্গেও ইতালিয়ান ফুটবলের একটি বেদনাবিধুর অধ্যায় জড়িয়ে রয়েছে। তার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা ছিলেন ইতালি জাতীয় দলের ফুটবলার এবং তৎকালীন তুরিনো ক্লাবের অধিনায়ক। ১৯৪৯ সালের সুপারগা বিমান দুর্ঘটনায় মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান সান্দ্রো। ওই দুর্ঘটনায় তুরিনোর পুরো দলসহ ৩১ জন নিহত হন।
বাবার মৃত্যুর পর ফুটবলের পথেই এগিয়ে যান সান্দ্রো মাজ্জোলা। পরবর্তী সময়ে ইন্টার মিলান ও ইতালির হয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারে অসামান্য সাফল্য অর্জন করেন। তার মৃত্যু ইতালিয়ান ও আন্তর্জাতিক ফুটবলে একটি যুগের অবসান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।










