স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের জনসংখ্যা বেশি, তাই দু-একটা খুন হতেই পারে, এটা স্বাভাবিক’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দাবিটিকে ভুয়া ও বানোয়াট বলে শনাক্ত করা হয়েছে।
রিউমর স্ক্যানার জানিয়েছে, আলোচিত বক্তব্য সালাহউদ্দিন আহমদ দিয়েছেন—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে ‘সময় টিভি’র লোগোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ ‘সমর টিভি’ নাম ব্যবহার করা হয়েছে।
ফটোকার্ডটির সূত্র ধরে অনুসন্ধান করে এমন কোনো সংবাদমাধ্যম বা নিউজ প্ল্যাটফর্মের অস্তিত্বের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি। এরপর সময় টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও অনুসন্ধান চালানো হয়। এসব প্ল্যাটফর্মে সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত বক্তব্যের সমর্থনে কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে আরও জানা যায়, আলোচিত দাবির পক্ষে দেশের অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রেও কোনো প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডটির সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
ফ্যাক্টচেকের ভিত্তিতে রিউমর স্ক্যানার বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত মন্তব্যটি তার প্রকৃত বক্তব্য নয়। কোনো নির্ভরযোগ্য উৎস বা প্রমাণ ছাড়াই তৈরি করা ফটোকার্ডের মাধ্যমে তার নামে এই বক্তব্য প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। ফলে সালাহউদ্দিন আহমদ এমন মন্তব্য করেছেন—এমন দাবিকে সত্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।










