ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন ভোট বর্জন করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
২৯ অক্টোবর ভোটগ্রহণ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টে দাবি করা হয়, দেলাওয়ার হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, সময় টিভির ফেসবুক পেজে প্রকাশিত একটি লাইভ ভিডিওতে ভোটের পরিস্থিতি নিয়ে দেলাওয়ার হোসেনকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে তাঁকে ভোট বর্জনের কোনো ঘোষণা দিতে দেখা যায়নি। মূলধারার গণমাধ্যম ও স্থানীয় সূত্রেও তাঁর ভোট বর্জনের সিদ্ধান্তের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার জানায়, দাবিটির সূত্র খুঁজতে গিয়ে ‘Political Parody’ নামের একটি ফেসবুক পেজে একই ধরনের পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এটি একটি ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী পেজ।
এসব তথ্য যাচাই করে রিউমর স্ক্যানার সিদ্ধান্তে পৌঁছেছে, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন ভোট বর্জন করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার আহ্বানও গুরুত্বপূর্ণ।










