গ্রাম পুলিশের মহাসমাবেশের একটি ছবিকে বিএনপির জনসভায় ব্যাপক জনসমাগমের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে ছবিটি কোনো দলীয় জনসভার নয়। এটি গত ৭ নভেম্বর ঢাকার তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশের ছবি। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি প্রকাশ করে জনসমাগমের প্রশংসা করেন। পোস্টে তিনি দাবি করেন, অর্থের বিনিময়ে ভাড়া করা কর্মীদের দিয়ে এ ধরনের জনসমাগম তৈরি করা সম্ভব নয়। তাঁর এই মন্তব্যের সঙ্গে প্রচারিত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি দলীয় জনসভার নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য পাওয়া গেছে। ভিডিওর ক্যাপশন অনুযায়ী, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
ওই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেন। ঢাকার তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ আয়োজনের ছবিকেই পরবর্তীতে তারেক রহমানের জনসভায় ব্যাপক জনসমাগমের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়।
রিউমর স্ক্যানার বলছে, প্রকৃত ঘটনার সঙ্গে ছবির প্রেক্ষাপট মিলিয়ে না দেখিয়ে ভিন্ন দাবিতে প্রচার করায় বিষয়টি বিভ্রান্তিকর। ফলে ছবিটি বিএনপির কোনো জনসভায় জনসমাগমের প্রমাণ হিসেবে ব্যবহার করা সঠিক নয়।
তথ্যসূত্র: রিউমর স্ক্যানার, পিএমও বাংলাদেশ-এর ফেসবুক ভিডিও।










