তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা জোরদার করতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন সংবেদনশীল এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবির তথ্য অনুযায়ী, রাজধানীর মিরপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর মধ্যেও বিজিবির সদস্য মোতায়েন রয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা। বিভিন্ন কৌশলগত স্থানে নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরে স্থাপিত বিশেষ মনিটরিং সেলের মাধ্যমে মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম তদারকি করা হচ্ছে। আধুনিক নজরদারি প্রযুক্তি ও সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি। শ্রমিক অসন্তোষের কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পপ্রতিষ্ঠানে অনুকূল কর্মপরিবেশ বজায় রাখা এবং মহাসড়কসহ আশপাশের জনপদে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নিরাপত্তা অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।










