জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশিত ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে ডাইনিং ব্যবস্থাপনায় আরও নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খাবার খেতে গিয়ে ভাতের মধ্যে টিকটিকি দেখতে পান বলে অভিযোগ করেন শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি প্রকাশ করেন।
আরেফিন তানভীর জানান, প্লেটের প্রায় অর্ধেক ভাত খাওয়ার পর তিনি সেদ্ধ টিকটিকিটি দেখতে পান। পরে বিষয়টি ডাইনিং পরিচালককে জানিয়ে সেখান থেকে চলে যান।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাঁদের মতে, প্রতিদিনের খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে যথাযথ সতর্কতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তাঁরা।
এ বিষয়ে ডাইনিং পরিচালক জানান, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় ওপর থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। তবে রান্না বা খাবার পরিবেশনের সময় বিষয়টি কারও নজরে আসেনি বলে তিনি দাবি করেন। অভিযোগ পাওয়ার পর ওই পাত্রের সব ভাত ফেলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি খোঁজ নিয়েছেন। দেয়াল থেকে টিকটিকি ভাতের গামলায় পড়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রভোস্ট আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দিয়েছেন। ওই পাত্রের ভাত আর পরিবেশন করা হয়নি বলেও তাঁকে জানানো হয়েছে।










