বিএনপি সব সময় জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণের অধিকার ও স্বার্থকে প্রাধান্য দিয়েই বিএনপি রাজনীতি করে। বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দলটি দেখে না।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী দাবি করেন, জনগণ রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাঁর মতে, অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে যারা সস্তা রাজনীতির আশ্রয় নেয়, জনগণ তাদের প্রত্যাখ্যান করে।
বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, নিরাপদ খাবার পানি, গ্যাস সুবিধা, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী দিনেও ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিএনসিসির দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগী শনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, টিকাদান, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও অসংক্রামক রোগসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।










