বাংলাদেশ পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সফল ও সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নতুন কর্মস্থলে যোগদান করবেন।
বদলিকৃত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), কক্সবাজার জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্পাঞ্চল পুলিশ এবং দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ ইউনিট।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-তেও নতুন এএসপিদের পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশিক্ষণ শেষ হওয়ার পর নির্ধারিত ইউনিটে দায়িত্ব গ্রহণের মাধ্যমে কর্মকর্তারা তাদের কর্মজীবনের পরবর্তী ধাপ শুরু করবেন।

